সিনোভ্যাকের করোনা টিকার ট্রায়াল স্থগিত করেছে ব্রাজিল

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ২২:০০

বিবিসি

চীনের সিনোভ্যাক বায়োটেকের উদ্ভাবিত করোনা টিকার মানব পর্যায়ের পরীক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ। কারণ হিসেবে সংস্থাটি ‘মারাত্মক বিরূপ’ প্রতিক্রিয়ার একটি ঘটনা দেখতে পাওয়ার কথা জানিয়েছে।

ব্রাজিলের স্বাস্থ্যবিষয়ক নিয়ন্ত্রক সংস্থা আনভিসা বলেছেন, গত ২৯ অক্টোবর ঐ ঘটনা ঘটেছে। টিকাটির পরীক্ষায় মারাত্মক বিরূপ প্রভাব দেখতে পাওয়ার পর তারা পরীক্ষা স্থগিত করে দিয়েছে। এই ঘটনা কোথায় ঘটেছে তা অবশ্য জানায়নি সংস্থাটি। তবে ব্রাজিলে যারা টিকাটির পরীক্ষা কার্যক্রম চালাচ্ছে, সেই মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের প্রধান ডিমাস কোভাস স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একজন ব্যক্তির মৃত্যুর কারণে টিকার কার্যক্রম স্থগিত হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এই মৃত্যুর সঙ্গে টিকার সম্পর্ক নেই। ঘটনাটির ব্যাপারে ব্রাজিলের কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ রাখছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো ইতিমধ্যেই অস্ট্রাজেনকা টিকার ব্যাপারে তার আগ্রহের কথা জানিয়ে ঘোষণা করেছেন, তার সরকার চীনের তৈরি কোনো কোভিড-১৯ টিকা কিনবে না। করোনা ভাইরাসের কারণে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ব্রাজিল। সেখানে এর মধ্যেই ৫৬ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ভারতের পরে দেশটিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুও হয়েছে।

কোনো টিকার পরীক্ষার সময় সাময়িক স্থগিত হওয়া ব্যতিক্রমী কিছু নয়। গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় আরেকটি কোভিড-১৯ টিকার কার্যক্রম স্থগিত করা হয়েছিল। তবে টিকাটির ব্যাপারে কর্তৃপক্ষ নিরাপদ বলে সিদ্ধান্ত দেওয়ার পর কয়েক দিন পরে আবার সেই টিকার কার্যক্রম শুরু করা হয়। ব্রাজিল ছাড়াও ইন্দোনেশিয়া এবং তুরস্কে এই টিকার পরীক্ষা চলছে। তবে সেখানে টিকার কার্যক্রম স্থগিত হওয়ার কোনো তথ্য জানা যায়নি।

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বে যে কয়েকটি টিকার কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তার একটি চীনের সিনোভ্যাক বায়োটেকের আবিষ্কৃত করোনাভ্যাক টিকাটি। সিনোভ্যাক দাবি করেছে, টিকাটির নিরাপত্তার ব্যাপারে তারা নিশ্চিত। জরুরি কর্মসূচির আওতায় চীনে হাজার হাজার মানুষকে এর মধ্যেই এই টিকা দেওয়া শুরু হয়েছে।