এক দিনে ১৬ জন মৃতের ১৫ জনই পুরুষ

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ২২:০৪

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে মারা গেছেন আরো ১৬ জন। তাদের মধ্যে ১৫ জন পুরুষ আর নারী এক জন। এর মধ্যে ১২ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি এবং দুই জন করে মোট চার জনের বয়স ৫১ থেকে ৬০ এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ১০ জন ঢাকা বিভাগের, তিন জন চট্টগ্রাম বিভাগের এবং এক জন করে মোট তিন জন রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বাসিন্দা।

গতকাল মঙ্গলবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-১৯ সংক্রমণের সর্বশেষ এই তথ্য জানিয়েছে। গত এক দিনে নতুন ১ হাজার ৬৯৯ জনকে নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৬২০ জন। আরো ১৬ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১০৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৬৪৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৪১ হাজার ৪১৬ জন হয়েছে।