মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন চট্টগ্রাম মহানগরী আওয়ামী লীগের নেতা দুই ভাই। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় মৃত্যুবরণ করেন মহানগরী আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য এবং আলকরন ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুর রহমান। গতকাল মঙ্গলবার বিকাল ৫টা ১০ মিনিটে মৃত্যুবরণ করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ওয়ার্ড কমিশনার এম এ রশীদ। তাদের মৃত্যু সংবাদে মহানগরী আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন এক শোক বার্তায় বলেন, এম এ রশীদ ও আবদুর রহমান রাজনীতিকে কখনো অর্থবিত্তের হাতিয়ার হিসেবে ব্যবহার করেননি। দলের সবস্তরের নিবেদিত প্রাণ নেতাকর্মীর সঙ্গে তাদের নিবিড় সখ্যতা ছিল। শোকবার্তায় এম এ রশীদ ও আবদুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
