গতকাল ছিল শহিদ নূর হোসেন দিবস। এ দিনে স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক শহিদ নূর হোসেনকে শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর গুলিস্তানের নূর হোসেন স্কয়ারে (জিরো পয়েন্টে) সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মী ফুল দিয়ে শহিদ নূর হোসেনকে স্মরণ করেন ও শ্রদ্ধা জানান। সকাল সাড়ে ৯টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের নেতৃবৃন্দ ফুল দিয়ে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানান।
আওয়ামী লীগ ছাড়া শহিদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানায়, বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণফোরাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাম গণতান্ত্রিক জোট। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ, আওয়ামী যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহিদ নূর হোসেনের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায়।
১৯৮৭ সালের এই দিনে তত্কালীন সামরিক শাসকের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে সামিল হয়ে নূর হোসেন গুলিতে নিহত হন। তার এই আত্মত্যাগে স্বৈরাচার বিরোধী আন্দোলন বেগবান এবং পরবর্তীতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
