সৌরভের ওপর চটেছেন ভেংসরকার

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ০৫:৩১

সব বিষয় নিয়ে সৌরভ গাঙ্গুলির কথা বলা পছন্দ হচ্ছে না দিলিপ ভেংসরকারের। বিশেষ করে অস্ট্রেলিয়া সিরিজের দল নির্বাচন নিয়ে বিসিসিআই প্রধানের মন্তব্য মানতেই পারছেন না সাবেক এই অধিনায়ক। তার মতে, দায়িত্বে থাকাদের সামর্থ্য ও অভিজ্ঞতাকে হেয় করছেন সৌরভ।

করোনা ভাইরাসের কারণে অনেক দিনের অনিশ্চয়তা শেষে এবারের আইপিএল হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আসর শুরুর আগে টুর্নামেন্টের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছিলেন সৌরভ। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের পক্ষ থেকে সভাপতির কথা বলার কোনো কারণ দেখেন না ভেংসরকার। টাইমস অব ইন্ডিয়াকে তিনি সোমবার জানান, সৌরভের ওপর থেকে আস্থা উঠে যাচ্ছে তার, ‘যখন আইপিএলের সূচি ও ভেন্যু নিয়ে আলোচনা চলছিল, সে (সৌরভ) আইপিএল চেয়ারম্যানের পক্ষ থেকে কথা বলেছিল। যারা নিজেদের সিদ্ধান্ত নিতে ও অবস্থান ব্যাখ্যা করতে সক্ষম, সে তাদের পক্ষ থেকে বারবার কথা বলছে, বিষয়টি দুঃখজনক। সে কী তাদের সামর্থ্য ও অভিজ্ঞতাকে ছোট করছে না? না কী ভাবছে, সে তাদের চেয়ে বেশি জানে?’

গত বছরের অক্টোবরে সভাপতির দায়িত্ব পাওয়া সৌরভের দল নির্বাচন ও ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কথা বলায় বেশ অবাক ভেংসরকার। নির্বাচক কমিটির প্রধান সুনিল জোশির এসব নিয়ে কথা বলা উচিত বলে মনে করেন তিনি। যদিও তার পক্ষ থেকে এখনো পাওয়া যায়নি কোনো বক্তব্য, ‘গাঙ্গুলি এত জায়গায় মাথা ঘামাচ্ছে, যা অবাক করার মতো। কেন একে বাদ দেওয়া হয়েছে, একে কেন নেওয়া হয়নি, এ কেন বিবেচনায় নেই, ঐ ক্রিকেটার কেন এখনো ফিট নয়; নির্বাচকদের চেয়ারম্যান সুনিল জোশির পক্ষ থেকে সে এসব বলছে।’

 

ইত্তেফাক/ইউবি