জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের ফিটনেস টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। বঙ্গবন্ধু টি-২০ কাপের ড্রাফটে নাম তুলতে হলে পাশ করতে হবে ফিটনেস টেস্টে। বেঞ্চ মার্ক রাখা হয়েছে ১১ স্কোর। গত দুই দিনে ক্রিকেটাররা অংশ নিয়েছেন বিপ টেস্টের মাধ্যমে হওয়া ফিটনেস প্রমাণের এই কার্যক্রমে।
বেশির ভাগ ক্রিকেটারই ফিটনেস টেস্টে পাশ করেছেন। এবং চ্যালেঞ্জ উতরে গিয়ে নাম তুলেছেন টুর্নামেন্টের ড্রাফটে। তবে ব্যর্থ হয়েছেন নাসির হোসেন, সোহাগ গাজী, শুভাশীষ রায়। গতকাল জানা গেছে, তিন জনই বেঁধে দেওয়া স্কোর তুলতে পারেননি। যদিও প্রথম দিনে ফেল করা অনেকেই গতকাল আবার টেস্ট দিয়ে পাশ করে গেছেন।
গতকাল টেস্ট দিতে এসে নাসির ৮ দশমিক ৫ স্কোর তুলেছেন। সোহাগ গাজী ৯ দশমিক ৪, শুভাশীয় রায় ৯ দশমিক ৮ স্কোর তুলেছেন। তিন জনই বঙ্গবন্ধু টি-২০ কাপ থেকে বাদ পড়লেন। ড্রাফটে তাদের নাম থাকবে না। খেলতে পারবেন না এই টুর্নামেন্ট।
বিসিবি সূত্রে জানা গেছে, নাসিরের হালকা ইনজুরি আছে। ট্রেনাররা তাকে অংশ নিতে নিষেধ করেছিলেন বড় ক্ষতির আশঙ্কায়। তারপরও নাসির অংশ নেন। এবং ১১ স্কোর তুলতে পারেননি।
আজ ফিটনেস টেস্ট দিবেন যুক্তরাষ্ট্র থেকে ফেরা সাকিব আল হাসান। মিরপুর স্টেডিয়ামের ইনডোরে সকাল ১০টায় শুরু হবে সাকিবের টেস্ট।
