সম্ভাব্যতা যাচাই না করেই ডিএসসিসিতে অনেকগুলো প্রকল্প গ্রহণ করা হয়েছিলো

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৮:০৪

সম্ভাব্যতা যাচাই না করেই পূর্ববর্তী সময়ে অনেকগুলো প্রকল্প গ্রহণ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি আজ বুধবার সকালে রাজধানীর কয়েকটি ফুট ওভারব্রিজের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএসসিসি মেয়র। 

নির্মাণাধীন ৬টি ফুট ওভারব্রিজের চলমান কার্যক্রম পরিদর্শন শেষে ডিএসসিসি মেয়র বলেন, পূর্বের সময়ে অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছিল যেগুলোর সম্ভাব্যতা যাচাই করা হয়নি। সুতরাং সম্ভাব্যতা যাচাই না করে যত্রতত্র যে প্রকল্পগুলো নেওয়া হয়, আমরা পরবর্তীতে দেখি সেগুলো সঠিক বাস্তবায়নও হয় না এবং সেগুলো কার্যকরও হয় না। 

ঢাকার অনেক পুরনো বাস চলাচল করছে এবং নিবন্ধনের উদ্যোগ নেওয়ার পরেও এখনো নিবন্ধনহীন লক্ষ লক্ষ রিকশা ঢাকায় চলছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মেয়র বলেন, দীর্ঘ ৩৪ বছর পর রিকশা নিবন্ধনের কার্যক্রম শুরু হয়েছে। আবেদন পরবর্তী নিবন্ধনের প্রয়োজনীয় কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। আমরা আশা করছি, এই মাসের মধ্যেই একটি পর্যায়ে আমরা যেতে পারব। আর গতকাল আমরা বাস রুট রেশনালাইজেশন কমিটির যে বৈঠক করেছি সেখানে দুটি সিদ্ধান্তে উপনীত হয়েছি। তার মধ্যে একটি হলো পুরাতন বাস বাদ যাবে, নতুন বাস সংযোজিত হবে। 

পরিদর্শনকালে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপসের সাথে করপোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসআই