বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান মারা গেছেন

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২০:১৩

 আলজাজিরা

প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বের সবচেয়ে দীর্ঘসময় দায়িত্ব পালনকারী বাহরাইনের প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফা বুধবার মারা গেছেন। দেশটির রাজপ্রাসাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। বয়স হয়েছিল ৮৪ বছর।

বুধবার সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খলিফা বিন সালমান। তার মৃত্যুতে এক সপ্তাহের শোক ঘোষণা করেছেন বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফা। ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর থেকেই বাহরাইনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন প্রিন্স খলিফা বিন সালমান। ২০১১ সালে আরব বসন্তের সময় দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবি উঠলেও মৃত্যুর আগ পর্যন্ত ঐ পদে ছিলেন তিনি।

যুক্তরাষ্ট্র থেকে খলিফা বিন সালমানের মরদেহ দেশে ফিরিয়ে আনার পর দাফনের প্রক্রিয়া শুরু হবে। এ অন্তিমযাত্রায় বেশি জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্দিষ্টসংখ্যক আত্মীয়স্বজনের উপস্থিতিতে তার দাফন কাজ সম্পন্ন হবে।