দুর্নীতির বিরুদ্ধে কঠোর বক্তব্য রেখেছিলেন বঙ্গবন্ধু :মেনন

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২১:০৯

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ১৯৭৪-৭৫ সময়কালেই বঙ্গবন্ধু দুর্নীতি-দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কঠিন ও কঠোর বক্তব্য রেখেছিলেন। হুঁশিয়ার করেছিলেন। আজ আমার দেশে যখন দুর্নীতি-দুর্বৃত্তায়নের ধারার প্রসার হচ্ছে, তখন প্রধানমন্ত্রী এর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। এতে সন্দেহ নেই। সমস্ত সমাজে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে দুর্নীতি-দুর্বৃত্তায়নের বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজকে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কেবল আওয়ামী লীগের নয়। বঙ্গবন্ধু  কেবল দলের নয়। বঙ্গবন্ধু জাতির, তিনি জাতির পিতা।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে আনা সাধারণ প্রস্তাবের ওপর মঙ্গলবার অংশ নিয়ে তিনি একথা বলেন।

৬ দফা নিয়ে বাম ঘরানার দলগুলোর অবস্থান ব্যাখ্যা করে মেনন বলেন, ‘এই সংসদে আমাদের বিরুদ্ধে অনেক সময় অভিযোগ করা হয়, বলা হয়, আমরা সেদিন ৬ দফার বিরোধিতা করেছিলাম। এবিষয়ে আমি স্পষ্ট করে বলতে চাই, ৬ দফাকে মুক্তির সনদ মনে করা হয়। কী মতিয়া গ্রুপ, কী মেনন গ্রুপ—আমরা এটাকে মুক্তির সনদ মনে করিনি। আমরা আরো কিছু দাবি অন্তর্ভুক্তির কথা বলেছিলাম। আর সেই দাবিগুলো অন্তর্ভুক্ত হয়ে ১১ দফায় রূপ নিয়েছিল। যার ফলে সেদিন অভ্যুত্থান ঘটেছিল।’