হেরোইনসহ তিন মাদক কারবারি আটক

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২১:১০

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বালীথা এলাকা থেকে গতকাল হেরোইন ও মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে গোলড়া হাইওয়ে থানা পুলিশ। এরা হলেন পশ্চিম গোলড়ার মোজাফফর আলীর পুত্র মো. শামীম হাসান, কামতা গোলড়ার  মো. আলী জিন্নাহর পুত্র রবিউল আওয়াল এবং চরখন্ড গোলড়ার রসমত আলীর পুত্র মো. আলমগীর হোসেন। অপর দুই জন আরেকটি মোটরসাইকেলে করে  পালিয়ে যায়। সাভার হাইওয়ে সার্কেল এএসপি জাহিদুল ইসলামের উপস্থিতিতে গোলড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, মহাসড়কে দুইটি মোটর সাইকেলসহ পাঁচ ব্যক্তিকে বাকবিতণ্ডা ও হাতাহাতি করতে দেখে হাইওয়ে পুলিশ টিমের সন্দেহ হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে তিন জন পালিয়ে যায়। তিন জনকে হেরোইন ও মোটরসাইকেলসহ আটক করা হয়।