শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা কাল-পরশু জানা যাবে

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২১:৩৬

করোনা সঙ্কট কাটিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কিনা, নাকি কোনও কোনও ক্লাসের জন্য খুলে দেওয়া হবে, এ বিষয়ে দুই-একদিনের মধ্যেই সিদ্ধান্ত নেয়া হবে বলে  জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম (বিইআরএফ) আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রম নিয়ে পরিচালিত এক জরিপ প্রতিবেদন প্রকাশের ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ভার্চুয়াল আলোচনা সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে নাকি ছুটি বাড়ানো অথবা এসএসসি শিক্ষার্থীদের জন্য সীমিত আকারে খোলা হবে, এ বিষয়টি আমাদের পর্যবেক্ষণে রয়েছে। আমরা কাল-পরশুর মধ্যে (বৃহস্পতি অথবা শুক্রবার) সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমকে জানিয়ে দেব।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘এ মাসের ১৪ তারিখ পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছি। আগামী ১৫ নভেম্বর খুলবে কিনা, নাকি বন্ধ রাখবো, নাকি কোনও কোনও ক্লাসের জন্য সীমিত আকারে আমরা শুরু করতে পারবো—এসব বিষয় নিয়ে আমরা এখনও কাজ করছি। ১৪ নভেম্বরের আগে আমরা জানিয়ে দিতে পারবো।’

অনলাইন শিক্ষা কার্যক্রম নিয়ে নগরভিত্তিক জরিপ প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি মোস্তফা মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম আববাস।

ইত্তেফাক/এসআই