ঝিনাইদহে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২১:৪৫

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহে মাদক মামলায় আসাদুজ্জামান লিটন নামের এক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক এম জি আযম এ রায় দেন। একই সঙ্গে আসামিকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ মাসের কারাদণ্ড প্রদান করেন বিচারক। অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামি যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা গ্রামের শাহাদাত্ হোসেনের ছেলে। রায় ঘোষণাকালে আসাদুজ্জামান লিটন পলাতক ছিল। মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১২ জানুয়ারি কালীগঞ্জ উপজেলার সুবর্ণসরা পুলিশ ক্যাম্পের আইসি এসআই মো. রুহুল আমিন গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে আসাদুজ্জামান লিটনকে আটক করেন। তার বুক পকেট থেকে একটি পলিথিনের প্যাকেটে রাখা ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। পরে এসআই রুহুল আমিন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।