বঙ্গবন্ধু বেসরকারি খাতের পক্ষে ছিলেন না, এ কথার যৌক্তিকতা খুঁজে পাই না —সালমান এফ রহমান

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ০০:১৮

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) বলেছেন, ‘অনেকে বলেন বঙ্গবন্ধু বেসরকারি খাতের পক্ষে ছিলেন না। আমি এ কথার কোনো যৌক্তিকতা খুঁজে পাই না। বাংলাদেশকে আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ার রূপরেখা তৈরি করে গিয়েছিলেন বঙ্গবন্ধু। তার মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বেসরকারি খাতকে উত্সাহিত করছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনা প্রস্তাবের ওপর গতকাল বুধবার আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘আমি কাছ থেকে দেখেছি বঙ্গবন্ধু কীভাবে বেসরকারি খাতকে সহযোগিতা করেছেন। কারণ আমি বঙ্গবন্ধুর ছেলে শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। স্বাধীনতার পর আমরা যখন বেক্সিমকো শুরু করলাম, তখন বঙ্গবন্ধুর কাছে গিয়ে বললাম আমরা বেসরকারিভাবে একটি কোম্পানির সঙ্গে ব্যবসা শুরু করতে চাই। তখন তিনি অনুমতি দিয়েছিলেন। তখন বাংলাদেশ থেকে চা রপ্তানি হতো না। বঙ্গবন্ধু বেসরকারি খাতে এনে অপ্রচলিতভাবে চা-কে রপ্তানি পণ্য করলেন। এতে বোঝা যায় তিনি কত দূরদর্শী ছিলেন। তিনি তখন রপ্তানি বহুমুখীকরণ করার কথা চিন্তা করেছিলেন এবং  বেসরকারি খাতকে দায়িত্ব দিয়েছিলেন।