বায়ু দূষণে ঢাকার চেয়ে অস্বাস্থ্যকর সাভার-ত্রিশাল

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ০০:৩৭

বাংলাদেশের মধ্যে বায়ু দূষণের মাত্রা সবচেয়ে বেশি ঢাকার সাভার ও ময়মনসিংহের ত্রিশালে। বায়ু মান সূচকে (একিউআই) গতকাল বুধবারের তথ্য অনুযায়ী, এ দুই জায়গায় দূষণের মাত্রা ছিল ১৭৩ পিএম ২.৫। এই মাত্রার বায়ু দূষণকে (বায়ু দূষণের মাত্রা ১৫১ থেকে ২০০ পিএম ২.৫) অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

বায়ুর এই দূষণে যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন। বিশেষ করে যারা বায়ু দূষণজনিত রোগে ভুগছেন, তাদের শারীরিক অবস্থা গুরুতর হতে পারে। বায়ুর এই দূষণের মধ্যে শিশু, বৃদ্ধ বিশেষ করে যারা শ্বাস-প্রশ্বাসজনিত রোগে ভুগছেন তাদের বাড়ির বাইরে বের হওয়া উচিত নয়। এছাড়া একই সময়ে বায়ু দূষণের মাত্রা ছিল মানিকগঞ্জে ১৫৬ পিএম ২.৫, শ্রীপুরে ১৪৩, ঢাকায় ১২১, কুমিল্লায় ৩৭ ও নারায়ণগঞ্জে ৩৭। ঢাকা মহানগরীতে বায়ু দূষণের মাত্রা ছিল বিটোপিতে ১৪৯ পিএম ২.৫, বারিধারায় ১২৩ পিএম ২.৫, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১১১, ঢাকার ইউএস অ্যাম্বাসিতে ১০৭, বে’স এডজওয়াটারে ৯৩ ও বিটোপি গ্রুপ-মিসামি গার্মেন্টস এলাকায় ৬৯।

করোনার সময় বাংলাদেশসহ সারা বিশ্বেই বায়ু দূষণ বেশ কমে গিয়েছিল। ধীরে ধীরে করোনার প্রভাব কমে আসায় কলকারখানাসহ জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। আর এর সঙ্গে আবার বাড়তে শুরু করেছে বায়ু দূষণের মাত্রা। একিউআই রিয়েল টাইম তথ্য আরো বলছে, গতকাল বুধবার সকাল ১০টা ৬ মিনিটে বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুর মান সবচেয়ে খারাপ ছিল পাকিস্তানের লাহোরে ৪৫৫ পিএম ২.৫। তারপর ভারতের দিল্লিতে ৩৮০ পিএম ২.৫, চীনের চেংদুতে ১৮১ পিএম ২.৫। দূষণের দিক থেকে গতকাল ঢাকা ছিল ১৮তম স্থানে, যেখানে বায়ুর মান ছিল ১২১ পিএম ২.৫।

তথ্যানুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের মধ্যে ঢাকার অবস্থান ২১তম, যেখানে গড় দূষণ ৮৩ দশমিক ৩ পিএম ২.৫। আর শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের গাজিয়াবাদ (গড় দূষণ ১১০.২ পিএম ২.৫), দ্বিতীয় স্থানে চীনের হটান (গড় দূষণ ১১০.১ পিএম ২.৫) এবং তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের গুজরানওয়ালা (গড় দূষণ ১০৫ দশমিক ৩ পিএম ২.৫)।