বিশ্বব্যাপী হালাল পণ্যের বিশাল বাজার সৃষ্টি হয়েছে উল্লেখ করে বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দীন বলেছেন, ‘দিনে দিনে এই বাজার বড় হচ্ছে। আমাদের হালাল পণ্য রপ্তানির সক্ষমতা রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে।’
গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘হালাল পণ্যসহ সব পণ্যের সার্টিফিকেশন সক্ষমতা ও হালাল পণ্য রপ্তানির সম্ভাবনা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করে।
বাণিজ্যসচিব বলেন, ‘২০২৪ সালে বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। তখন রপ্তানি বাণিজ্যে জিএসপি সুবিধাসহ বিভিন্ন সুবিধা থাকবে না, রপ্তানির জন্য এটা আমাদের সামনে বড় চ্যালেঞ্জ।’ তিনি বলেন, রপ্তানি বাণিজ্য বৃদ্ধির জন্য নতুন রপ্তানিপণ্য ও বাজার সম্প্রসারণের বিকল্প নেই। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রুমানা হক।
