নয়াটোলায় ঘরের মধ্যে বাবা ছেলের ঝুলন্ত লাশ

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ০০:৩৯

রাজধানীর মগবাজার নয়াটোলায় একটি বাড়ি থেকে বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন—খায়রুল ইসলাম সোহাগ (৫৫) ও তার ছেলে শাহারাত ইসলাম আরিন (১৪)। বাবা মানসিক রোগে আক্রান্ত ছিলেন। আর ছেলে ছিলেন শারীরিকভাবে প্রতিবন্ধী। স্থানীয়দের দেওয়া খবরে হাতিরঝিল থানা পুলিশ গতকাল বুধবার নয়াটোলা র্যাব অফিসের পাশে একটি বাড়ির পাঁচতলা থেকে মরদেহ দুইটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া ও মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল মর্গে পাঠায়।

হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় দিকে আমরা ঘটনাস্থলে গিয়ে বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পাই। তিনি বলেন, আরিন শারীরিক প্রতিবন্ধী। বাবা ঠিকাদার ব্যবসায়ী। গত দুই বছর ধরে লোকসানের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। পাশাপাশি খায়রুল মানসিক রোগেও আক্রান্ত ছিলেন। কিছুদিন ধরে হাসপাতালে তার নিয়মিত চিকিত্সা চলছিল। পুলিশ কর্মকর্তা ফারুকী বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জানা গেছে, নিহতদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। বর্তমানে মগবাজার নয়াটোলা র্যাব অফিসের পাশে একটি ভবনের পাঁচতলায় ভাড়া থাকতেন তারা। ঘটনার সময় খায়রুলের স্ত্রী নাজমুন নাহার নুপুর বাইরে ছিলেন। বাইরে থেকে এসে দেখেন দরজা বন্ধ। এরপর আশপাশের লোকজনকে ডেকে দরজা খোলার পর পৃথক দুটি কক্ষে ঝুলন্ত অবস্থায় মরদেহ দুটি দেখতে পান।