যে সব তথ্যপ্রমাণের ভিত্তিতে কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরো (সিবিআই)-র প্রধান অলোক বর্মাকে বরখাস্ত করেছিল মোদী সরকার তা প্রকাশ্যে আনার দাবি জানালেন লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খড়েগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চিঠি লিখে ওই দাবি জানিয়েছেন খড়েগ। লিখেছেন, এ ব্যাপারে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (সিভিসি) কী বলেছিল, কী বলা হয়েছিল বিচারপতি পট্টনায়কের বর্মা-সংক্রান্ত রিপোর্টে তা মানুষকে জানানো হোক। বর্মা-অপসারণের জন্য গত ১০ জানুয়ারি যে বৈঠক হয়েছিল নির্বাচক কমিটির, তার কার্যবিবরণীও (মিনিটস) সবাইকে জানানো হোক। সিবিআইয়ের নতুন প্রধান বেছে নেওয়ার জন্য ডাকা হোক নির্বাচক কমিটির বৈঠক। খবর আনন্দবাজার পত্রিকা
প্রধানমন্ত্রীকে চিঠিতে খড়েগ লিখেছেন, ‘সরকারের এ উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত বিচারব্যবস্থাকেও অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে। সংশ্লিষ্ট তথ্যপ্রমাণগুলো প্রকাশ্যে এলে মানুষ সে সব বুঝতে পারবেন। নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন।’ তিন সদস্যের যে নির্বাচক কমিটি বর্মাকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছিল, তাতে বিরোধীদের একমাত্র প্রতিনিধি খড়েগ। বাকি দুই সদস্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিচারপতি একে সিক্রি। আগেই খড়েগ জানিয়েছিলেন, এ ব্যাপারে তাকে গোড়া থেকেই অন্ধকারে রাখা হয়েছিল। খড়েগ অত্যন্ত ক্ষোভের সঙ্গে প্রধানমন্ত্রীকে লিখেছেন, কমিটির সদস্যদের আমি বরাবরই আইনের পথে চলতে বলেছি।
