জাবিতে স্থগিত স্নাতক চূড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবি

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১৬:৫৪

মহামারি করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক চূড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের (৪৫ ব্যাচ) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অর্ধশতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ইতিহাস বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেও এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে অনিশ্চয়তার মধ্যে পড়েছে জাবির শিক্ষার্থীরা। এর মধ্যে সবচেয়ে দুর্ভোগের মধ্যে রয়েছে চতুর্থ বর্ষের (২০১৫-১৬ সেশন) শিক্ষার্থীরা। শুধু ফাইনাল পরীক্ষা না হওয়ায় দুই বছরের সেশন জটে পড়েছে তারা। বিভিন্ন জায়গায় নিয়োগ পরীক্ষার সার্কুলার হচ্ছে কিন্তু পরীক্ষা না হওয়ায় তারা কোথাও আবেদন করতে পারছে না।

দর্শন বিভাগ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিহান বলেন, আমাদের পরীক্ষা এ বছরেই দ্রুততম সময়ের মধ্যে শুরু করতে হবে। শপিং মল, সিনেমা হল, গণ পরিবহন সবখানে মানুষ অবাধে চলাচল করতে পারলেও শুধু পরীক্ষা নেওয়ার বেলায় করোনা আতঙ্ক দেখানো হচ্ছে। তাহলে কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণ পরিবহনের যাত্রীদের চেয়েও কম স্বাস্থ্য সচেতন?

আরও পড়ুন: স্কুলের বার্ষিক অনুষ্ঠান গান বন্ধ করতে প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি, পরে হামলা

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জানায়, আগামী ১৯ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করবো। এর পরেও যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থগিত পরীক্ষার বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

কর্মসূচির সঞ্চালনা করেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আমিরুল ইসলাম সুজন। 

ইত্তেফাক/এসি