সালমান বিন হামাদ বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২০:৪৯

বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন যুবরাজ শেখ সালমান বিন হামাদ আল খালিফা। বাহরাইন নিউজ এজেন্সি (বিএনএ) জানিয়েছে, বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খালিফা এক রাজকীয় আদেশের মাধ্যমে তার পুত্র সালমান বিন হামাদকে মন্ত্রিপরিষদের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। পশ্চিমা শিক্ষায় শিক্ষিত সালমান বিন হামাদকে বিরোধীদের সঙ্গে একটি সম্পর্ক তৈরির চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে। তিনি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে পড়াশুনা করেছেন। ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে তিনি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। এর আগে সালমান বিন হামাদ দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার হিসেবেও তিনি দায়িত্ব পালন করছিলেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল খালিফার মৃত্যুতে সরকারিভাবে দেশ জুড়ে এক সপ্তাহের শোক পালন করা হচ্ছে। মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনার পর তার দাফন সম্পন্ন হবে। করোনা ভাইরাসের কারণে নির্দিষ্ট ও স্বল্পসংখ্যক আত্মীয়স্বজন এ সময় উপস্থিত থাকবেন।