পাকিস্তানে কোয়ারেন্টাইনে তামিম

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২০:৫১

লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ খেলতে করাচি গিয়েছেন তামিম ইকবাল। গত বুধবার সকালে করাচির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তামিম। এখন করাচিতে দুই দিনের রুম কোয়ারেন্টাইনে রয়েছেন বাঁহাতি এই ওপেনার। এর মাঝে তার করোনা পরীক্ষা হবে। রিপোর্ট নেগেটিভ আসলে লাহোর কালান্দার্স শিবিরে যোগ দিবেন তিনি এবং প্লে-অফে খেলবেন।

লাহোর কালান্দার্সের ফেসবুক পেজ-এ এক ভিডিও বার্তায় রুম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি জানিয়েছেন খোদ তামিমই। প্লে-অফে লাহোরের হয়ে মাঠে নামতে মুখিয়ে আছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। 

অস্ট্রেলিয়ান ক্রিস লিনের বদলি হিসেবে লাহোর শিবিরে ডাক পান তামিম। এই দলে তার সতীর্থ হিসেবে আছেন মোহাম্মদ হাফিজ, লেন্ডল সিমন্স, ডেভিড ভিসেরা। গত মার্চে করোনার কারণে পিএসএলের প্লে-অফ স্থগিত করা হয়েছিল। আগামী ১৪, ১৫ ও ১৭ নভেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে করাচিতে। 

পিএসএলের এই পর্বে খেলার কথা ছিল বাংলাদেশের টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদেরও। করোনা আক্রান্ত হয়ে পড়ায় মুলতান সুলতানের হয়ে খেলতে যেতে পারেননি মাহমুদউল্লাহ।

ইত্তেফাক/এসআই