বি জ্ঞা নে র জা দু

জোনাকি রহস্য!

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২১:০৬

বন্ধুরা, কেমন আছ সবাই? আশা করি ভালো আছ। তোমাদের এক্সপেরিমেন্ট এবং বিজ্ঞানী হবার প্রচেষ্টা আশা করি অব্যাহত আছে। আজ আমি তোমাদের আশ্চর্য সুন্দর এক প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জানাব। চলো শুরু করা যাক—

 

জোনাকির আলো রহস্য

তোমরা সবাই জোনাকি পোকা দেখেছ নিশ্চয়ই।  খুব সুন্দর তা-ই না? সন্ধ্যার অন্ধকারে জোনাকি পোকার ঝাঁক যখন মিটমিট করে জ্বলতে থাকে তখন দেখতে খুব সুন্দর লাগে। আশ্চর্য হয়ে হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগে, জোনাকি পোকা কেন জ্বলজ্বল করে। এর পেছনেও কি বিজ্ঞান আছে?

উত্তর হলো—অবশ্যই। প্রকৃতির প্রতিটি ঘটনা বিজ্ঞানের অনিন্দ্য সুন্দর আবরণে ঢাকা। বাইরে থেকে দেখলে আমরা অবাক হই আর বিজ্ঞানের চোখে দেখলে মনে হয় ধ্রুব সত্য। আসলে জোনাকি পোকার শরীরে একটা বিশেষ ঘটনা ঘটে—যাকে বলে বায়োলুমিনিসেন্স, বাংলায় একে জৈব বিকিরণ বলা যেতে পারে। এর মানে হলো জোনাকির শরীরে এমন কিছু জৈব রাসায়নিক প্রক্রিয়া ঘটে যার কারণে তৈরি হয় সুন্দর ঝিকিমিকি আলো। জোনাকির শরীরে থাকে লুসিফারিন নামক বিশেষ পদার্থ, আর লুসিফারেস নামক এনজাইম। লুসিফারেস এনজাইমের উপস্থিতিতে লুসিফারিনের সাথে অক্সিজেন ক্যালসিয়াম ইত্যাদি বিক্রিয়া করে জোনাকির আলো তৈরি করে। বাতাসের অক্সিজেন নিয়ন্ত্রণ করে জোনাকি পোকা এই আলো নিয়ন্ত্রণ করে থাকে। 

তো বন্ধুরা, আশা করি এখন সবাই বুঝতে পেরেছ জোনাকি পোকার আলোর রহস্য। আজ এ পর্যন্তই। সামনের পর্বে আবার দেখা হবে নতুন কোনো বৈজ্ঞানিক ঘটনা নিয়ে সবাই ভালো থেকো।