নাটোরের বাগাতিপাড়ায় তিনটি হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। থানা হাজতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মহসিন (৩০)। উপজেলার বেগুনিয়া (চকগোয়াশ) গ্রামের মহির উদ্দিনের ছেলে।
হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বাগাতিপাড়া মডেল থানার এসআই প্রশান্ত কুমার জানান, মহসিনের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন রুটে তিন ভ্যানচালককে হত্যার অভিযোগ রয়েছে। ওই অভিযোগে একাধিকবার তার বাড়িতে অভিযান চালানো হয়। অবশেষে গোপন সংবাদ পেয়ে তার অবস্থান নিশ্চিত হলে সোমবার দিবাগত রাত ১২টার দিকে তাকে গাজীপুরের শ্রীপুর থানার মাওনা উত্তর পাড়ার আ. রশীদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পর মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে তাকে বাগাতিপাড়া মডেল থানায় এনে হাজতে রাখা হয়। এরপর দুপুর সাড়ে ১১টার দিকে হাজতের মধ্যে ভেনটিলেটরের গ্রিলের সঙ্গে মহসিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। আসামিকে দেওয়া ব্যবহৃত কম্বল ছিঁড়ে রশি বানিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানায় পুলিশ।
নিহত মহসিনের বাবা মহির উদ্দিন বলেন, তিনি সকালে তার মেয়ের কাছ থেকে মোবাইল ঢাকা থেকে ছেলের গ্রেফতারের খবর পেয়েছেন। বিকাল পৌনে ৫টা পর্যন্ত তিনি জানতেন না কোথায় তার ছেলেকে রাখা হয়েছে। একাধিকবার বাড়িতে পুলিশি অভিযানের কারণে গ্রেফতার এড়াতে মহসিন প্রায় তিন মাস আগে বাড়ি থেকে তৃতীয় স্ত্রী সেলীর সঙ্গে ঢাকায় চলে যান।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, খবর পেয়ে তিনি থানায় এসে হাজত খানায় ঝুলন্ত অবস্থায় মহসিনের লাশ দেখেছেন। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এদিকে নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের উপস্থিতিতে মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে রিপোর্ট লেখা (পৌনে ৬টা) পর্যন্ত নাটোর আধুনিক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছিল।
আরো পড়ুন: মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র
ইত্তেফাক/জেডএইচ
