বাজিতপুর উপজেলার বসন্তপুর এলাকার ওমরচান সাচ্চু হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বুধবার রাতে তাকে বাজিতপুর শহরের সিনেমা হলের মোড় থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মো. মুজিবুর রহমান জানান, গ্রেফতারকৃত আল আমিন ও নান্টু আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আবদুল্লাহ আল মামুনকে হত্যার মূল পরিকল্পনাকারী বলে উল্লেখ করে। তাকে প্রয়োজনবোধে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। উল্লেখ্য, ২০১৭ সালে ব্যাবসায়িক টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। বাজিতপুর থানায় দায়েরকৃত মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে।
