জেসাসের জোড়া গোল
স্পোর্টস রিপোর্টার
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই এখন দুই দলের মধ্যে সীমাবদ্ধ। গেল রবিবার টটেনহ্যাম হটস্পারের পরাজয়ে এখন সেটা আরো স্পষ্ট। সব ঠিকঠাক থাকলে হয় লিভারপুল কিংবা ম্যানচেস্টার সিটি - দুই দলের যে কারো হাতেই উঠবে সেরার ট্রফি। আর যত দিন গড়াচ্ছে ততই এই লড়াইটা জমে উঠছে।
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে সোমবার রাতে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। তাতে পয়েন্ট ব্যবধান কমিয়েছে সিটিজেনরা। ২২ ম্যাচে শীর্ষে থাকা লিভারপুলের সংগ্রহ ৫৭ পয়েন্ট। সিটির সংগ্রহ ৫৩ পয়েন্ট। টটেনহামের সংগ্রহ ৪৮। এর এক পয়েন্ট কম নিয়ে চারে আছে চেলসি।
পঞ্চম স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৪১। রবিবার টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারানো ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্টও ৪১। তবে গোল ব্যবধানে পিছিয়ে ষষ্ঠ স্থানে আছে উলে গুনার সোলশারের দল।
সোমবারও উলভারহ্যাম্পটনের বিপক্ষে আগুনে ফর্মে খেলেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসাস। এই ম্যাচসহ তিন ম্যাচেই করলেন সাত গোল। বড় দিনের সময় টানা দুই ম্যাচ হারের পর থেকে আগুনে ফর্মে আছে সিটি। সবক’টি প্রতিযোগিতা মিলিয়ে জয় তুলে নিয়েছে পাঁচটি। এই সময়ে গোলবন্যার দেখাও মিলেছে। গোল হয়েছে ২৪টি। মানে, ম্যাচপ্রতি গড়ে পাঁচটি করে গোল করেছে পেপ গার্দিওলার দল। আর সব প্রতিযোগিতা মিলে এই মৌসুমে সিটির গোল সংখ্যা ৯৯। অর্থাত্ সেঞ্চুরি থেকে এক গোল কম।
এমন ফর্মে থাকা সিটি এই ম্যাচের দশম মিনিটে এগিয়ে যা জেসাসের গোলে। গোলের নয় মিনিট পর আরও দুর্দশা নেমে আসে উলভারহ্যাম্পটন শিবিরে। সিলভার ওপর বাজেভাবে ট্যাকল করায় উলভারহ্যাম্পটনের বোলি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। ৩৯ মিনিটে হেসুস উলভারহ্যাম্পটনকে আরও বিপদে ফেলে দেন পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করলে।
৭৮ মিনিটে স্কোর লাইন ৩-০ হয় উলভারহ্যাম্পটনের ভুলে। বদলি কেভিন ডি ব্রুইনের ক্রস নিজেদের জালে জড়ায় কনর কোডির পায়ে লেগে। তাতে আত্মঘাতী গোলের সুবাদে ব্যবধান বাড়ে সিটির। আসলে ম্যাচে হালই ধরতে পারেনি উলভাররা। সিটির ৮৭০ পাসের বিপরীতে তাদের পাস সংখ্যা ২৭১টি। চলতি মৌসুমের প্রথম দিনে এই দলটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল সিটি।
লিগের এখন যা অবস্থা তাতে ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন হওয়া না হওয়ার পেছনে লিভারপুলের ম্যাচগুলো প্রভাব ফেলবে। যদিও, কোচ পেপ গার্দিওলাকে লিভারপুলকে নিয়ে নয়, ভাবছেন নিজেদের পারফরম্যান্স নিয়ে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা শুধু জয়ের কাজটাই করতে পারি। বাকিরা কে কি করলো, বা করবে তাতে আমাদের কোনো ভূমিকা নেই, সেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এটা নিয়ে গত কয়েকটা দিন খেলোয়াড়দের সাথে আমাদের অনেকবার কথা হয়েছে। আমি ওদের বলেছি, সেখানে আমাদের নিয়ন্ত্রণ আছে কেবল সেটাই করতে পারি আমরা। একটা ব্যাপার নিশ্চিত যে, যদি আমরা জিততে না পারি, তাহলে ওরাই যে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, তাতে আর কোনো সন্দেহ নেই।’
