দিয়েগো ম্যারাডোনা মস্তিষ্কে অস্ত্রোপচার থেকে সেরে উঠে হাসপাতাল ছেড়েছেন সম্প্রতি। এরই মধ্যে নতুন এক লড়াইয়ে নামতে হচ্ছে তাকে। অ্যালকোহল আসক্তি থেকে সেরে উঠতে নিরাময় কেন্দ্রে ভর্তি হয়েছেন সাবেক আর্জেন্টাইন অধিনায়ক।
অস্ত্রোপচারের আগ থেকেই ম্যারাডোনার সার্বিক পরিস্থিতি সংবাদ মাধ্যমকে জানাচ্ছিলেন ব্যক্তিগত চিকিৎসক লিওপালদো লুক। আর্জেন্টাইন কিংবদন্তির নিরাময় কেন্দ্রে ভর্তি হওয়ার ব্যাপারটিও তিনিই জানিয়েছেন।
গত ৩ নভেম্বর ম্যারাডোনাকে লা প্লাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়, জানানো হয় নেহায়েতই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে আনা হয়েছে তাকে। এর দিন তিনেক পর তার মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি প্রকাশ পায়। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হয় তাকে। অবশেষে বুধবার সেখান থেকে মুক্তি পান হিমন্যাসিয়া লা প্লাতা কোচ।
হাসপাতাল থেকে অবশ্য সরাসরি ম্যারাডোনাকে যেতে হয়েছে রাজধানী বুয়েন্স এইরেসেরই পুনর্বাসন কেন্দ্রে। লক্ষ্য মাদকাসক্তি থেকে সেরে ওঠা, যে কারণেই মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বেশ ভুগতে হয়েছে তাকে; হাসপাতালেও থাকতে হয়েছে প্রয়োজনের চেয়ে বেশি দিন।
ইত্তেফাক/এসআই
