ঢাবি ছাত্রী ধর্ষণ মামলায় মজনুর বিরুদ্ধে রায় ১৯ নভেম্বর

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২১:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি মো. মজনুর বিরুদ্ধে রায় ঘোষণার জন্য ১৯ নভেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য গতকাল বৃহস্পতিবার এ দিন ধার্য করে দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোসাম্মত্ কামরুন্নাহার। ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আফরোজা ফারহানা আহমেদ (অরেঞ্জ) সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ৫ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর কুর্মিটোলা বাস স্টপেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ঐ ছাত্রীকে মুখ চেপে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে যায় আসামি মজনু। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। গত ৮ জানুয়ারি ক্যান্টনমেন্ট থানাধীন শেওড়া বাসস্ট্যান্ড থেকে মজনুকে গ্রেফতার করে র্যাব। এ ঘটনায় করা মামলায় গত ১৬ মার্চ একমাত্র আসামি মজনুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। গত ২৬ আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।