আর্সেনাল গোলরক্ষক পিটার চেক জানিয়েছেন চলতি মৌসুম শেষেই তিনি অবসর নেবেন। ৩৬ বছরের এই খেলোয়াড় চলতি মৌসুমে এমিরেটস স্টেডিয়ামে এক নম্বর গোলরক্ষকের আসনটি হারিয়েছেন সতীর্থ বের্নড লেনোর কাছে। তাই ২০ বছরের ক্যারিয়ার শেষে সরে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন তিনি। টুইটারে দেওয়া বক্তব্যে তিনি লেখেন, ‘পেশাদার খেলোয়াড় হিসেবে এটা আমার ২০তম মৌসুম। আমার প্রথম পেশাদার চুক্তির পরও ২০ বছর গেছে। কাজেই চলতি মৌসুম শেষেই যে সরে যাব, সে ব্যাপারে ঘোষণা দেওয়ার জন্য এটাই উপযুক্ত সময়।’ তিনি আরও লেখেন, ‘প্রিমিয়ার লিগে ১৫ বছর খেলে এবং সম্ভাব্য সব ট্রফি জয় করার পর, আমার অর্জন করার মতো যা কিছু ছিল আমি তা করেছি বলেই মনে করছি।’
