চট্টগ্রাম ওয়াসার এমডির বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২২:২২

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অনিয়ম-দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের বিষয়ে দুদক সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নিয়েছে কি না, তা লিখিতভাবে হাইকোর্টকে অবহিত করা হয়নি। তবে দুদকের কৌঁসুলি আদালতকে জানিয়েছেন, দুদক গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে, অনুসন্ধানও চলছে। এর পরই বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এসংক্রান্ত রিটের শুনানি এক মাস মুলতুবি করে।

এ কে এম ফজলুল্লাহর পুনঃ নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপর শুনানির জন্য দিন ধার্য ছিল। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. ইকরাম উদ্দিন খান চৌধুরী ও দুদকের পক্ষে আইনজীবী মো. নওশের আলী মোল্লা।