এপ্রিলের শেষে বঙ্গমাতা আন্তর্জাতিক ফুটবল

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২১:৫০

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের আদলে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা আগেই দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার এপ্রিলের শেষ কিংবা মে’র শুরুতে ছয়জাতির এই টুর্নামেন্ট আয়োজনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি।  

বঙ্গবন্ধু গোল্ডকাপের মতো এই প্রতিযোগিতায়ও স্পন্সর হিসেবে থাকছে ‘কে স্পোর্টস’। এ নিয়ে আজ তাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করবে বাফুফে। প্রতিযোগিতার সব ধরনের খরচ তারাই বহন করবে এবং বাফুফেকে ২৫ লাখ টাকা দেবে। এই টুর্নামেন্টের টিকিট বিক্রয়ের টাকাও বাফুফেই পাবে বলে জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী। 

বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন বছরের প্রথম দিনেই মেয়েদের এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টটি মাঠে গড়ানোর সংবাদ দিয়েছিলেন। গতকাল কার্যনির্বাহী কমিটির নিয়মিত সভায় এর সম্ভাব্য সময় নির্ধারিত হলো।

সালাম মুর্শেদী আরও জানান, আমন্ত্রিত দেশগুলোর ব্যস্ততাহীন সময়ের হিসাব করে চূড়ান্ত সূচি ঠিক করা হবে। এছাড়া ছয় দেশের এই প্রতিযোগিতার দলগুলো হবে বয়সভিত্তিক স্তরের, যাতে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল অংশ নিবে।  ফেডারেশনের এই কর্মকর্তা বলেন, ‘আমরা যেমন বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজন করি ছেলেদের নিয়ে ঠিক তেমনই মেয়েদের নিয়ে বঙ্গমাতা গোল্ডকাপ-২০১৯ আয়োজন করতে চাই। এটিতে সব দেশের অনূর্ধ্ব-১৯ দল অংশগ্রহণ করবে। এই টুর্নামেন্টের সময়টাকে আমরা মোটামুটিভাবে এপ্রিল কিংবা মে মাসের শুরুতে ধার্য করেছি। আমন্ত্রিত দলগুলোর ফাঁকা সময়ের কথা মাথায় রেখেই চূড়ান্ত দিন নির্ধারণ করা হবে।’