শিশু মীমের বাবা-মার অভিযোগ

হত্যাকারীকে বাঁচাতে আমাদের ছেলেকে ফাঁসানো হয়েছে

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ০০:১২

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে শিশু মীমের প্রকৃত হত্যাকারীকে গ্রেফতার করে নির্দোষ কিশোর ছেলের মুক্তি দাবি করেছেন বাবা-মা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান নিহতের মা রোকসানা বেগম ও বাবা মো. লিটন মিয়া। তারা এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে মীমের মা রোকসানা বেগম জানান, গত ২৩ সেপ্টেম্বর শিশু মীমকে শ্বাসরোধে হত্যার তিন দিন পূর্বে বাড়িওয়ালার নেশাখোর ছেলে পলাশ (২২) ঘরে ঢুকে ভ্যানিটি ব্যাগে রাখা ৫০০ টাকা চুরি করে। বিষয়টি মীম দেখে ফেললে পলাশ মীমকে এক প্যাকেট চিপস কিনে দেয়। এর পরও মীম চুরির কথা বলে দেয়। ঘটনার দিন লিমন স্থানীয় মসজিদ থেকে কোরআন পড়া শেষে বাসায় এলে তাকে নিয়ে বাবা লিটন বাইরে যায়। এর কিছুক্ষণ পর সে ও লিমন ফিরে এসে মীমকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। বাসার গোসলখানায় গিয়ে মীমকে পড়ে থাকতে দেখে। এ ঘটনার পর পুলিশ তার ছেলে লিমনকে আটক করে। ১৮ দিন পর তারা জানতে পারে যে লিমনকে মীম হত্যায় জড়িত সন্দেহে পুলিশ আটক করে কিশোর সংশোধনাগারে পাঠিয়েছে। গাজীপুরে কিশোর সংশোধনাগারে ছেলের সঙ্গে দেখা করতে গেলে সে জানায়, তাকে সাদা  পোশাকের পুলিশ সদস্যরা মারধর ও ভয়-ভীতি দেখিয়ে মীমকে হত্যা করেছি বলে স্বীকার করতে বাধ্য করেছে। এ ঘটনার পর গত ১৪ অক্টোবর রাতে অজ্ঞাত এক ব্যক্তি ফোন দিয়ে বলে, তোরা বাড়াবাড়ি করলে তোদের দুই জনকেও হত্যা করা হবে। এ ঘটনায় তারা বনানী থানায় জিডি করেন।