প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি বঙ্গবন্ধুর আদর্শকে অনুধাবন করে মানবতাকে অগ্রাধিকার দিয়ে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের উন্নতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ক্যাথলিক বিশপস কনফারেন্স অব বাংলাদেশের (সিবিসিবি) সভাপতি প্যাট্রিক ডি রোজারিওর নেতৃত্বে খ্রিষ্টান সম্প্রদায়ের চার সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করলে শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবকিছুর আগে মানবতাকে অগ্রাধিকার দিতেন এবং জনগণের প্রতি তার ভালোবাসা ছিল সীমাহীন। আমি এখন যা করছি তা জাতির পিতার আদর্শের প্রতিচ্ছবি।’
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকশেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফিং করেন। ব্রিফিংকালে তিনি জানান, বৈঠকে সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে সরকার গঠনের পর তিনি কুষ্ঠ রোগীদের ঘর করে দিয়ে তাদের পুনর্বাসিত করেছেন। সমাজে অবহেলিত বেদে এবং হিজড়া সম্প্রদায়ের লোকজনকে তিনি পুনর্বাসিত করছেন। প্রধানমন্ত্রী সমাজের বিত্তশালী শ্রেণিকে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
প্রেস সচিব বলেন, প্রতিনিধি দলের সদস্যরা করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর বিরুদ্ধে লড়াইয়ে এবং এই পরিস্থিতিতে অসহায় ব্যক্তিদের বাঁচাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভুয়সী প্রশংসা করেছেন। তারা প্রধানমন্ত্রীকে বলেন, যে কোনো পরিস্থিতিতে খ্রিষ্টান সম্প্রদায় সর্বদা তার পাশে থাকবে। প্রতিনিধি দলের সদস্যরা আরো বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রীর উদারতার প্রশংসা ও মূল্যায়ন করেছেন পোপ ফ্রান্সিস। প্রধানমন্ত্রীকে তারা জানান, ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। এর অংশ হিসেবে তারা মোট ৭ লাখ গাছ লাগাবেন। ইতিমধ্যে সাড়ে ৩ লাখ গাছ লাগানো হয়েছে। তারা টুঙ্গিপাড়া গিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করায় প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানান।
প্রতিনিধি দলে ছিলেন ঢাকায় সদ্য নিয়োগপ্রাপ্ত আর্চ বিশপ বিজয় ডি ক্রুজ, কূটনীতিক কোরের ডিন এবং বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচেরি। প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন।
