টানা ৮ দিনের শ্রমিক বিক্ষোভের পর আবার কর্মচাঞ্চল হয়েছে সাভার আশুলিয়া শিল্পাঞ্চল। সকাল থেকেই শ্রমিকরদের স্বতঃস্ফূর্তভাবে কারখানায় প্রবেশ করতে দেখা গেছে। এক সপ্তাহের বেশী সময় ধরে চলা শ্রমিক অসন্তোষের মুখে ছুটি ঘোষিত কারখানা গুলোতে শ্রমিকদের পদচারনায় ফিরেছে পূর্বের কর্মপরিবেশ। প্রতিটি তৈরি পোশাক কারখানায় উৎপাদন চলছে পুরোদমে।
সকাল থেকে পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের কাজে যোগদানের জন্য মাইকিং করা হয়। এছাড়া কয়েকটি কারখানার সামনে ‘নো ওয়ার্ক-নো পে’ লেখা নোটিশ ঝুলতে দেখা গেছে। তবে শিল্প এলাকার প্রতিটি কারখানার সামনেই আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
এ সময় কারখানার শ্রমিক শিল্পি আক্তার জানান, ‘আমরা কাজ করে বেতন নিতে চাই, আমরা কোন প্রকার আন্দোলন চাইনা। তবে অপারেটরদের চেয়ে হেলপারাদের বেতন তুলনামূলক বেশী হবে এটা মানা যায় না'।

কোনো কোনো কারখানায় ঝুলতে দেখা গেছে 'কাজ না করলে বেতন নাই'। ছবি: ইত্তেফাক
ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান সকালে আশুলিয়া এলাকায় সংবাদ সম্মেলনে বলেন, ‘সব কারাখানা খুলে গেছে। শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।’ তিনি আরো বলেন, ‘শ্রমিক অসন্তোষে ইন্ধন দিয়েছেন এমন কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অনেকেই পুলিশের সন্দেহের তালিকায় রয়েছেন। তাদেরকে আমরা নজরদারীতে রেখেছি। শিল্পাঞ্চলে যারা নৈরাজ্য সৃষ্টি করবে তাদেরকে কোনভাবেই ছাড়া দেয়া হবে না। কোনো নিরীহ শ্রমিক যাতে হয়রানির শিকার না হয়, সে দিকেও আমরা খেয়াল রাখছি।’
আরো পড়ুন: ছিনতাইকারীর হাতুড়ি পেটায় ব্যবসায়ী নিহত
শিল্প পুলিশ-১ এর পরিচালক সানা শামিনুর রহমান জানান, ‘আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত। সকল পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগদান করেছে। কোথাও কোন শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেনি তবে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ইত্তেফাক/অনি/জেডএইচডি
