কারাগারে আমার বাথরুমে ক্যামেরা বসানো হয়েছিল — মরিয়ম নওয়াজ

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ২১:০৯

 

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে তথা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ শরিফ অভিযোগ করে বলেছেন, কারাগারে তার কক্ষে এবং বাথরুমে ক্যামেরা বসিয়েছিল কর্তৃপক্ষ। তার এই অভিযোগের তীর পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের দিকে। এক সাক্ষাত্কারে তিনি এ অভিযোগ করেন। খবর আনন্দবাজার পত্রিকার

আর্থিক তছরুপের মামলায় গত বছরে গ্রেফতার হয়েছিলেন মরিয়ম। জেলে থাকাকালীন তাকে কী কী সমস্যার মুখোমুখি হতে হয়েছিল সাক্ষাত্কারে তাও তুলে ধরেন তিনি। মরিয়ম বলেন, ‘দুই বার আমাকে জেল খাটতে হয়েছে।’ এরপরই ইমরান খানের সরকারের বিরুদ্ধে তোপ দেখে তার মন্তব্য, ‘একজন নারী হওয়া সত্ত্বেও কীভাবে জেলের ভেতরে আমার সঙ্গে আচরণ করা হয়েছে সে বিষয়ে যদি বলা শুরু করি তাহলে ওরা আর মুখ দেখাতে পারবে না।’ নিজের উদাহরণ তুলে মরিয়মের দাবি, তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে এ দেশের নারীরা কতটা সুরক্ষিত! এরপরই তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ভাববেন না মেয়েরা দুর্বল, তা সে পাকিস্তান হোক বা বিশ্বের যে কোনো প্রান্তেরই হোক।’