সড়কে শৃঙ্খলা ফেরাতে ৫৭টি পয়েন্টে চেকপোস্ট

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২১:৫৯

ঢাকা মহানগরীতে ট্রাফিকে শৃঙ্খলা ফেরাতে পক্ষকালব্যাপী কর্মসূচি শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। গতকাল মঙ্গলবার গুলিস্তান জিরোপয়েন্টে ‘ট্রাফিক শৃঙ্খলা পক্ষ-২০১৯’ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ট্রাফিক শৃঙ্খলা পক্ষ চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। ‘ট্রাফিক শৃঙ্খলা পক্ষ উদ্বোধন উপলক্ষে বেলুন উড়ান আগত অতিথিরা। উদ্বোধন শেষে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট যাত্রী ও চালকের মাঝে বিতরণসহ বিভিন্ন গাড়িতে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ৫৭টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে আইন প্রয়োগের পাশাপাশি ট্রাফিক আইনের সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। তিনি জানান, শিগগিরই নগরীর ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালিত হবে। এছাড়াও অ্যাপসভিত্তিক যানবাহন নিয়ন্ত্রণের কথাও ভাবা হচ্ছে।

ট্রাফিক শৃঙ্খলাপক্ষ উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রাজধানীতে চালক, মালিক, যাত্রী ও পথচারীরা যদি আইন মেনে চলেন, তবে কী পরিস্থিতি হয়, তা দেখতে ১৫ দিনব্যাপী ট্রাফিক পক্ষ পালন করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে বাস চালক, হেলপার, পথচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির চেষ্টা করা হবে। এবারের কার্যক্রমে ট্রাফিক পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট সরাসরি আমাদের সঙ্গে যুক্ত থাকবে। প্রয়োজনে পরে রোভার স্কাউটকেও যুক্ত করা হবে।