আক্রান্ত বেশি শিশু ও বয়স্করা
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
চা-বাগান ও বনাঞ্চল অধ্যুষিত মৌলভীবাজারের কমলগঞ্জে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে। ঋতু পরিবর্তনে আবহাওয়ার তারতম্যজনিত কারণে সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার সঙ্গে এসব উপসর্গের মিল থাকায় অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়ছেন। অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি বৃষ্টিপাতের পর দুই দিন হঠাত্ বেশ ঠান্ডা পড়ে। তারপর আবার গরম অনুভূত হয়। চা-বাগান ও বনাঞ্চল এলাকা থাকায় এখানে অন্য স্থানের তুলনায় ঠান্ডা বেশি অনুভূত হয়। এ সময় অনেকের মধ্যে সর্দি, জ্বর, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া দেখা দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইভেট প্রাকটিস করেন এমন চিকিত্সকদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। শমশেরনগরের কবি ডা. আব্দুস শহীদ সাগ্নিক, কলেজ শিক্ষক জমসেদ আলী, কমলগঞ্জের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, করোনাকালীন এই সময়ে এসব উপসর্গ সহজভাবে দেখা ঠিক নয়। আবহাওয়া পরিবর্তনজনিত কারণে সর্দি, জ্বর, কাশি, নিউমোনিয়ায় অনেকেই আক্রান্ত হচ্ছেন। এসব বিষয়ে যথাসময়ে সঠিক চিকিত্সা ও সচেতনতার কোনো বিকল্প নেই।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভুঁইয়া বলেন, আবহাওয়া পরিবর্তনজনিত কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে এ ধরনের রোগী বেশি পাওয়া যাচ্ছে। তবে স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক নজর রাখছে ও গুরুত্বসহকারে চিকিত্সা প্রদান করছে। তিনি আরো বলেন, বর্তমানে লোকজন করোনা পরীক্ষা না করায় করোনা রোগীর বিষয়েও সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।
