রফিকুল ইসলাম রবি
একই ছাদের নিচে বাসনকোসন, হাঁড়ি-পাতিল থেকে শুরু করে গৃহস্থালির প্রয়োজনীয় সব পণ্য মিলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। প্রায় অর্ধশতাধিক স্টল ও প্যাভিলিয়নে এসব পণ্য পাওয়া যাচ্ছে। সচরাচর পণ্যের সঙ্গে নতুন পণ্যও এনেছে প্রতিষ্ঠানগুলো। বাহারি রঙ ও নকশার পাশাপাশি আছে দামেরও ভিন্নতা। গতকাল মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, গৃহস্থালির পণ্যের স্টলগুলোতে স্তরে স্তরে সাজানো নতুন নতুন ডিজাইনের বৈচিত্র্য নজর কাড়ছে দর্শনার্থীদের। এক রকম হুমড়ি খেয়ে পড়ছেন নারী ক্রেতারা। বিক্রয় কর্মীরা বলছেন, বিশেষ ক্ষেত্রে মূল্যছাড়সহ সব ধরনের পণ্য বিক্রি হচ্ছে পাইকারি দামে।
দর্শনার্থীরা বলেন, বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের জিনিসপত্র দেখা যায়। তবে দাম একটু বেশি। অনেক দর্শনার্থী বলেন, একই ছাদের নিচে গৃহস্থালির সব পণ্য পাওয়া যায়। এমন কিছু নতুন পণ্য পাওয়া যায় যেগুলো সচরাচর মার্কেটে চোখে পড়ে না। দাম ও পণ্যের গুণগত মান যাচাই-বাছাই করে কিনলে পণ্য কিনে জেতা সম্ভব। রাজধানীর মহাখালী থেকে মেলায় আসা সাবিনা আক্তার জানান, চলতি বছরের নতুন সংসার শুরু করেছি। এক সঙ্গে সংসারের সব জিনিস পাওয়ার একটাই উপায়, সেটা হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আসর। মেলা থেকে প্রয়োজনীয় সব তৈজসপত্র কিনে সংসার সাজাব।
বিক্রেতারা বলছেন, বেশির ভাগ পণ্য পাইকারি দামে বিক্রি করছেন তারা। নতুন পণ্যগুলো মেলার মাধ্যমে বাজারে আসে। এ ছাড়া সচরাচর পণ্যের উপর ৫ থেকে ১০ শতাংশ মূল্যছাড় দেওয়া হয়। তাই ক্রেতাদের আগ্রহ বেশি। কারো কারো মত, শুধু বিক্রি নয়, ক্রেতাদের কাছে নিজেদের নতুন পণ্যের পরিচয় করানোটাই আসল উদ্দেশ্য। বিক্রেতারা জানান, ৫০ টাকা থেকে ১০ হাজার টাকার মধ্যে মিলছে স্টেইনলেস স্টিল, অ্যালুমিনিয়াম ও লোহার তৈরি সংসারের প্রয়োজনীয় সব পণ্য।
