ইত্তেফাক রিপোর্ট
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাসে অগ্নিসংযোগ, গবেষণার নামে টিআইবির রাজনৈতিক প্রতিবেদন ও বিভিন্ন মহলের উসকানিমূলক বক্তব্য বিএনপি ও তার দোসরদের দেশকে অস্থিতিশীল করার বৃহত্তর ষড়যন্ত্রেরই অংশ। গতকাল মিন্টো রোডের সরকারি বাসভবনে বৃহস্পতিবার রাজধানীতে বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে, অত্যন্ত দক্ষতার সঙ্গে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে, মহামারির মধ্যে ধ্বনাত্মক অর্থনৈতিক প্রবৃদ্ধির হাতেগোনা কয়টি দেশের মধ্যে বাংলাদেশ স্থান করে নিয়েছে। এই পরিস্থিতিতে দেশকে অস্থিতিশীল করার একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে বৃহস্পতিবার বাসে আগুন দেওয়া হয়েছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই টিআইবি রাজনৈতিক উদ্দেশ্যে একটা প্রতিবেদন দিয়েছে, বিভিন্ন মহল থেকে উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে এবং বাস পোড়ানোতে যে বিএনপি ও তাদের দোসররা জড়িত, তা সহজেই অনুমেয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য ‘নির্বাচনে কারচুপি আড়াল করতেই বাসে আগুন’-এর জবাবে মন্ত্রী বলেন, অতীতে কারা এভাবে বাস পুড়িয়েছে, কীভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে শতশত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, দেশবাসী তা ভালোভাবেই জানে। বাস পোড়ানোর ঘটনা নিয়ে বিএনপির দুই জন নেতার একটি ফোনালাপের অডিও ফাঁসের বিষয়ে প্রশ্ন করলে মন্ত্রী ড. হাছান বলেন, ‘অডিওবার্তা এটাই প্রমাণ করে যে, এই ঘটনার সঙ্গে তারা জড়িত।’
