দশম ছবিমেলার পর্দা উঠছে ২৮ ফেব্রুয়ারি

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২২:০২

প্রদর্শিত হবে ২০ দেশের ৩৫ জন আলোকচিত্রীর ছবি

ইত্তেফাক রিপোর্ট

দুই দশক পেরিয়ে এলো দৃক আয়োজিত ছবিমেলা। দুইবছর পর আবারো ঢাকায় বসতে যাচ্ছে ছবিমেলার দশম আয়োজন। চলবে ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত। এবার ছবিমেলার মূল প্রতিপাদ্য ‘স্থান’। এ প্রসঙ্গে দৃকের কর্ণধার আলোকচিত্রী শহিদুল আলম বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম এবং আমাদের ভৌগলিক অবস্থানের কারণে পৃথিবীর রাজনীতিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত ও চীন দু্ই প্রতিবেশীর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। আবার বহির্বিশ্বে বাংলাদেশকে ‘মডারেট মুসলিম কান্ট্রি’ বলা হয়। এসব বিষয় নিয়ে আলোকচিত্রীদের কাজ করার সুযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার এই উত্সব উপলক্ষে পান্থপথের দৃক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ছবিমেলার উত্সব পরিচালক শহিদুল আলম আরও বলেন, বিশ্বজুড়েই পরিবেশ, রাজনীতি ও জাতিগত দ্বন্দ্বের কারণে মানুষের বাসস্থানের পরিবর্তন ঘটছে। ভৌগলিক, ঐতিহাসিক, দার্শনিক- নানা দিক থেকেই স্থান বিষয়টিকে দেখা যেতে পারে। আলোকচিত্রীরা যাতে এই থিমকে নিয়ে কাজ করতে পারেন, সেজন্য এমন থিম নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ছবিমেলার উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ, মানবাধিকার কর্মী খুশি কবির, দৃকের জেনারেল ম্যানেজার এএসএম রেজাউর রহমান, আলোকচিত্রী আবীর আবদুল্লাহ, তানজিম ওয়াহাব প্রমুখ।

এ সময় জানানো হয়, উত্সবের উদ্বোধন হবে ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে বেলা ১১টায়। প্রদর্শনী একযোগে ধানমন্ডির দৃক গ্যালারির দুটি, পান্থপথের দৃক কার্যালয়ের গ্যালারি এবং আলিয়ঁস ফ্রঁসেজ গ্যালারিতে চলবে। পাশাপাশি চলবে ২৭টি প্রিন্ট প্রদর্শনী, ৫টি রিকশায় করে ভ্রাম্যমাণ প্রদর্শনী, প্যানেল আলোচনা, আর্টিস্ট টক, সেমিনার, কর্মশালা, চলচ্চিত্র প্রদর্শনী প্রভৃতি। এ ছাড়া, বাংলাদেশের স্বনামধন্য আলোকচিত্রী রশীদ তালুকদারের ছবি নিয়ে বিশেষ রেট্রোস্পেক্টিভ প্রদর্শনীর আয়োজন থাকবে ছবিমেলায়।

এবারের উত্সবে ২০টি দেশের ৩৫ জন আলোকচিত্রী অংশ নিচ্ছেন। দেশগুলোর মধ্যে রয়েছে- ভারত, ব্রাজিল, সিরিয়া, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, পাকিস্তান, যুত্তরাষ্ট্র, পোল্যান্ড প্রভৃতি। আলোকচিত্রীদের মধ্যে রয়েছেন- আনন্দ পটবর্ধন, ক্রিস ডি বডে, দয়নিতা সিং, গৌরি গিল, ইসা তমা, ইয়ান তমা, ইয়ান ব্যানিং, মাদিহা আইজাজ, মৌসুমি ভৌমিক ও সুকান্ত মজুমদার, মোস্তফা জামান, নাঈম মোহায়মেন, ওমর ইমমা, পেদ্রো ডেভিদ দে অলিভেরা ক্যাস্তেলো ব্রাঙ্কো, রাফাল মিলাচ, শাহিন দিল রিয়াজ, মিল্পা গুপ্তা, সুজান মাইজেসাস, ভেনেসা উইনশিপ প্রমুখ।

এবারের উত্সবে উপদেষ্টা হিসেবে আরও যুক্ত হয়েছেন, ভারতীয় অর্থনীতিবিদ ও নোবেল বিজয়ী অমর্ত্য সেন, অর্থনীতিবিদ রেহমান সোবহান, প্রফেসর ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী ও মানবাধিকার কর্মী ও বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, ভারতীয় আলোকচিত্রী রঘু রাই ও নেপালি প্রকাশক, লেখক ও সম্পাদক কুন্দা দীক্ষিত।