ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে সিলেটে বিভাগীয় সমাবেশ

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ২২:১০

অব্যাহত ধর্ষণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও বিচারহীনতার প্রতিবাদে সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারে শুক্রবার সন্ধ্যায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ, সিলেটের আয়োজনে এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের চার জেলা থেকে শত শত প্রগতিশীল ছাত্র, যুব, নারী ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হয়ে ধর্ষণবিরোধী স্লোগানে মুখরিত করে তোলেন সমাবেশস্থল।

উদীচী সিলেট জেলা সংসদের সভাপতি এনায়েত হাসান মানিকের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট নগরের সভাপতি সঞ্জয় কান্ত দাসের সঞ্চালনায় বিভাগীয় সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন—সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য সরোজ কান্তি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ মইনুদ্দিন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, বাংলাদেশ যুব কেন্দ্রীয় সদস্য নিরঞ্জন দাস খোকন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য নাজিকুল ইসলাম রানা।

সমাবেশে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে একের পর এক খুন, ধর্ষণের ঘটনা ঘটছে। সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ। এ অবস্থায় জনগণকে রাজপথে নেমে আন্দোলন করে নিজেদের অধিকার আদায় করতে হবে। যে চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সেই চেতনার বিপরীতে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির কারণে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে।