নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়া এলাকায় বকেয়া বাড়িভাড়া আদায়কে কেন্দ্র করে বাড়িওয়ালার পরিবারের লোকজনের সঙ্গে ধস্তাধস্তির সময় মেহেদি হাসান নামে এক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনার পর থেকে বাড়িওয়ালা রানা মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
পুলিশ ও স্বজনরা জানান, মেহেদি হাসানের ছেলে আমিনের কাছে বাড়িওয়ালা রানা মিয়া গত মাসের বকেয়া ১ হাজার ৫০০ টাকা ঘরভাড়া পান। বৃহস্পতিবার রাতে রানা মিয়া আমিনকে ডেকে নিয়ে বকেয়া ঘরভাড়া চাইলে দুই জনের মধ্যে বাগিবতণ্ডা হয়। এক পর্যায়ে বাড়িওয়ালা রানাসহ তার পরিবারের অন্য সদস্যরা আলামিনকে মারধর করতে থাকলে বাবা মেহেদি হাসান গিয়ে ছেলেকে রক্ষার চেষ্টা করেন। তখন তার সঙ্গেও তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে রানা মিয়া মেহেদি হাসানকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে আহত হন। পরে তাকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মেহেদিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী বিউটি বেগম বাদী হয়ে বাড়ির মালিক রানা ও তার পরিবারের পাঁচ জনের নাম উল্লেখসহ সাত থেকে আট জনকে আসামি করে শুক্রবার মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
