রাজধানীর আদাবরে মাইন্ড এইড সাইকিয়াট্রি অ্যান্ড ডি-অ্যাডিকটেড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যার ঘটনায় হাসপাতালটির আরেক পরিচালক ফতেমা তুজ যোহরা ময়নাকে গ্রেফতার করেছে পুলিশ। আদাবর থানার ওসি কাজী শহীদুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাকে গ্রেফতার করা হয়। তিনি আদাবর মাইন্ড এইড হাসপাতালের মালিকপক্ষের এক জন পরিচালক।
পুলিশ জানায়, এ ঘটনায় এজহারনামীয় ১৫ আসামির মধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের মধ্যে অপর তিন পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সাখাওয়াত হোসেন ও সাজ্জাদ আমিনকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে হাসপাতালের মালিক ও মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয় সাত দিনের রিমান্ডে রয়েছেন। আর গত মঙ্গলবার গ্রেফতার করা হলেও অসুস্থতার কারণে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিত্সাধীন আছেন পরিচালক নিয়াজ মোর্শেদ।
প্রসঙ্গত, বরিশাল মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার আনিসুল করিম মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার দুপুরের দিকে চিকিত্সার জন্য তাকে আদাবরের মাইন্ড এইড হাসপাতালে আনা হয়। হাসপাতালটিতে ভর্তির কিছুক্ষণ পরই কর্মচারীদের ধস্তাধস্তি ও মারধরে তার মৃত্যু হয়।
