টাঙ্গাইলে পিস্তল ও গুলিসহ দুই সহোদর গ্রেফতার

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২২:১৬

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পিরিজপুর এলাকা থেকে বিদেশি পিস্তলসহ দুই সহোদর ভাইকে সোমবার গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দেলদুয়ারের পিরিজপুর এলাকার মৃত রতন ভৌমিকের ছেলে সুমন কুমার ভৌমিক ও তার ছোট ভাই সুব্রত কুমার ভৌমিক।

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর শ্যামল কুমার দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল দেলদুয়ারের পিরিজপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে দুই সহোদরকে গ্রেফতার করে। তারা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে ডিবি’র ওসি জানান।

এ ব্যাপারে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের এসআই হাফিজুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।