কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের এক কর্মীকে মারধরের জেরে পাঁচ শিক্ষার্থীকে মারধর করেছে শাখা ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনায় সোমবার দিনব্যাপী উত্তপ্ত ছিল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ।
জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মায়ের দোয়া হোটেলে সকালের নাস্তা করার জন্য যায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বারতম ব্যাচের শিক্ষার্থী ও হল শাখা ছাত্রলীগ কর্মী মাহদি হাসান অভি। হোটেলে তিনি বান্ধবীসহ একটি টেবিলে বসেন। এ সময় ইংরেজি বিভাগের অষ্টম ব্যাচের জাহিদুল আলম ওই টেবিলে বসলে মাহদি তাকে অন্য টেবিলে বসতে বলে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীকে ইংরেজি বিভাগের ওই শিক্ষার্থী ও তার বন্ধুরা ব্যাপক মারধর করে। এতে তার মাথা ও বুকে মারাত্মক জখম হয়। পরে দুপুর ২টার দিকে ছাত্রলীগ কর্মীকে মারধরের ঘটনায় ভুক্তভোগী ও অভিযুক্তদের নিয়ে মীমাংসায় বসেন শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ। মীমাংসা বৈঠকেই শাখা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী জাহিদকে মারতে শুরু করে। তাকে বাঁচাতে গেলে তার বন্ধু জাহিদুল ইসলাম রুবেল, জয়নাল আবেদীনসহ বেশ কয়েকজনকে মারধর করে শাখা ছাত্রলীগের অন্তত ২০/২৫ জন।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, সকালে এক ছাত্রলীগ কর্মীকে কিছু ছেলে মারধর করে। আমরা বসে তা মীমাংসার চেষ্টা করার সময় তাদের মাঝে আবার হাতাহাতি হয়ে যায়। পরে আমরা বসে সুন্দর একটি মীমাংসা করে দিই।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন জানান, আমরা লিখিত বা মৌখিক কোনো অভিযোগ পাইনি। পেলে ঘটনা তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেব।
