স্পোর্টস ডেস্ক
সাদিও মানের পর এবার আরেক লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহও করোনায় আক্রান্ত হয়েছেন। জাতীয় দলে যোগ দেওয়ার পরই করোনায় আক্রান্ত হয়েছেন তিনি, জানিয়েছে মিশরীয় ফুটবল ফেডারেশন।
তবে ২৮ বছর বয়সি এই উইঙ্গার এখনো উপসর্গহীন আছেন। তবে নিয়ম মেনে সেলফ আইসোলেশনে আছেন তিনি। মিশর দলের বাকি খেলোয়াড়রা অবশ্য করোনা নেগেটিভই আছেন বলে জানা গেছে।
আফ্রিকান নেশন্স কাপের বাছাইপর্বে শনিবার টোগোর বিপক্ষে খেলবে মিশর। তিন দিন পরই ফিরতি ম্যাচ খেলবে ‘ফারাওরা’। তবে করোনায় আক্রান্ত হওয়ার কারণে এর একটি ম্যাচেও থাকছেন না সালাহ। শঙ্কা আছে লিভারপুলের পরবর্তী দুই ম্যাচেও না খেলার।
আগামী ২১ নভেম্বর প্রিমিয়ার লিগে লেস্টার সিটি ও এর চার দিন পর চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষে খেলবে কোচ য়ুর্গেন ক্লপের শিষ্যরা। মৌসুমের অর্ধেক সময় পার না করতেই এবার চোটে নাকাল লিভারপুল। এর ওপর অল রেডদের হয়ে আট লিগ ম্যাচে আট গোল করা সালাহও ছিটকে গেলে বেশ বিপাকেই পড়তে হবে কোচ ক্লপকে।
