নোয়াখালীতে কিডনি ডায়ালাইসিস সেবার যাত্রা শুরু

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২১:১৯

নোয়াখালী প্রতিনিধি

জেলায় প্রথম কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবার যাত্রা শুরু হয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতাল ও আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজের  কিডনি বিভাগের তত্ত্বাবধানে জেনারেল হাসপাতালের সম্প্রসারিত ভবনের একটি অংশে স্থাপন করা হয়েছে কিডনি ডায়ালাইসিস কমপ্লেক্স। শনিবার দুপুরে এ কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ সদর-সুবর্ণচর আসনের এমপি একরামুল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহম্মদ খোরশেদ আলম খান, সিভিল সার্জন  ডা. মাছুম ইফতেখার ও জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক  ডা. মো. মাহবুবুর রহমান। কিডনি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফজলে এলাহী খান জানান, ৩৬ বেডের এ কমপ্লেক্সে শীতাতপ নিয়ন্ত্রিত ২০ বেড এবং সাধারণ ১৬ বেড রয়েছে। এ ইউনিটে  হেপাটাইটিস বি ও সি পজিটিব রোগীদের জন্য ডেডিকেটেড ডায়ালাইসিস ইউনিট, অত্যাধুনিক প্যাথলজিক্যাল ল্যাব, মিনি ওটি এবং রয়েছে রোগীদের জন্য  স্পেশাল কেয়ার ইউনিট।