ধান গবেষণা ইনস্টিটিউটের ফলন বৃদ্ধি শীর্ষক কর্মশালা
কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া ও পার্শ্ববর্তী পাঁচ জেলায় বোরো ধানের ফলন বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুষ্টিয়ার দিশা টাওয়ারের হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্রি (গবেষণা) পরিচালক ড. কৃষ্ণপদ হালদার। কর্মশালায় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও মাগুরা জেলার কৃষি বিভাগের কর্মকর্তাসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি উন্নয়ন করপোরেশন (বিএনডিসি), মৃত্তিকা সম্পদ গবেষণা ও ধান গবেষণা ইনস্টিটিউট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজ্ঞানী আফসান আনসারী। কুষ্টিয়া ধান গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহবুবুর রহমান দেওয়ানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ পার্থ প্রতিম সাহা।
রাণীনগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা মুজিববর্ষ উপলক্ষ্যে রাণীনগরে শনিবার দিনব্যাপী ফ্রি ভেটেরিনারী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার লোহাচুড়া বাজারে ক্যাম্প উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মহির উদ্দিন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আশিকুজ্জামান আশিক।
কৃষকদের মধ্যে ধানবীজ বিতরণ
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে মুজিববর্ষ উপলক্ষ্যে শনিবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে কৃষকদের মধ্যে বিনা মূল্যে ধানবীজ বিতরণ করা হয়েছে। ত্রিশাল কৃষি প্রযুক্তি কেন্দ্রের সার্বিক সহযোগিতায় চলতি বোরো মৌসুমে উপজেলার ৪০ জন কৃষকের মধ্যে নতুন উদ্ভাবিত ব্রিধান ৮৯ ও ব্রিধান ৯২ জাতের ৪০০ কেজি ধানবীজ বিতরণ করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও খামার ব্যবস্থাপনা বিভাগের প্রধান কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম।
ভূরুঙ্গামারী মুক্ত দিবস পালিত
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ভূরুঙ্গামারী হানাদার মুক্ত দিবস ছিল ১৪ নভেম্বর। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা ওসমান গনী প্রমুখ।
মানবাধিকার কমিশনের আলোচনাসভা
সালথা (ফরিদপুর) সংবাদদাতা সালথা উপজেলা শাখা মানবাধিকার কমিশন কমিটির প্রথম আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা গঙ্গাচড়ায় শনিবার কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গঙ্গাচড়ার অধীনে ২০২০-২১ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এগুলো বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগমের সভাপতিত্বে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বিরোধীদলীয় চিফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা।
