নালিতাবাড়ীতে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২২:১৯

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা

 নালিতাবাড়ীতে ধানক্ষেত থেকে গলাকাটা অবস্থায় সোহাগ মিয়া নামে সতের বছর বয়সী এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত সোমবার উপজেলার উত্তর সন্নাসীভিটা গ্রামে ধানের মাঠ থেকে এ লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের ইউসুফ আলীর ছেলে। প্রাথমিকভাবেও হত্যার কারণ পুলিশ জানতে পারেনি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত রবিবার সন্ধ্যা ৬টার দিকে সোহাগ তার কোন এক বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। পরে সন্নাসীভিটা বাজারে জনৈক চায়ের দোকানে চা পান অবস্থায় আরও একটি ফোন আসে। এর কিছুক্ষণ পর সোহাগ সেখান থেকে চলে গেলে রাতে আর বাড়ি ফিরেনি। পরে রাতভর সোহাগের ফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে গত সোমবার বাড়ির পূর্বপাশের একটি বড় ধানের মাঠের মাঝে গলাকাটা অবস্থায় সোহাগের মরদেহ দেখে এলাকাবাসী।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সোহাগের লাশ উদ্ধার করে। পুলিশের নালিতাবাড়ী সার্কেল অফিসার জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক কিশোরকে আটক করা হয়েছে।