বগুড়ায় মাদক সেবনের দায়ে ১৪ জনের জেল-জরিমানা

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২২:২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা ও বগুড়া জেলা প্রশাসন যৌথভাবে মাদক সেবনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪ মাদকসেবীকে ২৯ হাজার টাকা জরিমানা ও বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত বগুড়া সদর থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান চালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী। তার সঙ্গে ছিলেন র্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এস এম জামিল আহমেদ।

র্যাব সূত্র জানায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা মোতাবেক মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত মো. রাসেল, মো. জনি, মো. জাকারিয়া রকি, বিপ্লব রায়, মো. রাজু, মো. শিফাত হোসেন, অমিত হাসান, মো. শামিম হোসেন, মো. মেহেদী হাসানকে ১৯ হাজার টাকা অনাদায়ে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করেন। পরে তাদের অভিভাবকরা জরিমানার টাকা জমা প্রদান করায় তাদের জামিন দেন। অপর পাঁচজন যথাক্রমে আমিনুল ইসলাম, মানিক শেখ, বাঁধন চন্দ্র দাস, মজিদ, আ. লতিফের দুই হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড  প্রদান করেন।