ওয়ার্কার্স পার্টির বিবৃতি
ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, ঢাকায় বাসে আগুন দিয়ে নাশকতার ঘটনা অতীতের ন্যায় অগণতান্ত্রিক অপশক্তির ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। এ ধরনের ঘটনার পেছনে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থানের পথ তৈরি করার পুরোনো কৌশলের পুনরাবৃত্তি বলে প্রতীয়মান হচ্ছে। গতকাল এক যুক্ত বিবৃতিতে তারা এ কথা বলেন।
মেনন-বাদশা বলেন, সারা বিশ্ব করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অর্থনৈতিকভাবে খারাপ সময় পার করছে, বাংলাদেশও এর বাইরে নয়। ঠিক তখন এসব দুর্বৃত্তপনা দেশকে অস্থিতিশীল করার একটি সুগভীর চক্রান্ত মাত্র। দেশের সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে সংকটাপন্ন অবস্থায় রয়েছে। ঠিক তখন নাশকতার মধ্য দিয়ে মানুষকে নিরাপত্তাহীন করে তোলা এক সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ বলেই মনে হয়।
তারা বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় কোনো ‘মৌসুমি তত্পরতা’ কাজে দেবে না। যখন এ রকম নাশকতার ঘটনা ঘটে, তখনই আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাই তত্পর হয়, আবার রাজনৈতিক কর্মসূচিও দেওয়া হয়। কিন্তু নাশকতাকারীদের রুখতে এসব মৌসুমি তত্পরতার চেয়ে দীর্ঘমেয়াদি রাজনৈতিক কৌশল গ্রহণ করা জরুরি। তা না হলে বড় বিপদ আঘাত হানতে পারে। এই অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে সব দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানান তারা ।
