মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
আজ রবিবার ১৫ নভেম্বর উত্থান একাদশী ও তিথি অনুযায়ী প্রখ্যাত দানবীর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রণদা প্রসাদ সাহার ১২৪তম জন্মজয়ন্তী এবং কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষ্যে তার নিজ গ্রাম টাঙ্গাইলের মির্জাপুর, কুমুদিনী কমপ্লেক্স, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল ও বিএসসি নার্সিং কলেজ এবং ঢাকা ও নারায়ণগঞ্জের ব্যবসাপ্রতিষ্ঠানে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গণি।
গতকাল শনিবার কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা এবং পরিচালক (শিক্ষা) ও একুশে পদকপ্রাপ্ত প্রিন্সিপাল প্রতিভা মুত্সুদ্দি জানান, রণদা প্রসাদ সাহা ১৮৯৬ সালে মির্জাপুর গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম দেবেন্দ্র পোদ্দার এবং মায়ের নাম কুমুদিনী দেবী। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগদান করেন। এ সময় এক ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে পরিচিত হন। সেই সুবাদে চলে যান ভারত। সাহস ও সততার জন্য ঐ ব্যবসায়ী রণদা সাহাকে তার সম্পত্তির দেখাশোনার দায়িত্ব দেন। এভাবেই তিনি প্রচুর অর্থের মালিক হন।
তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। এ সময় তার হাসপাতালে বহু নারী-পুরুষ আশ্রয় নিয়ে চিকিত্সাসেবা পান। ১৯৭১ সালের ৭ মে কিছু রাজাকার, আল বদর বাহিনী ও পাকিস্তানি দোসররা রণদা প্রসাদ সাহা ও তার একমাত্র পুত্র ভবানী প্রসাদ সাহা রবিকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। আজও তাদের কোনো খোঁজ মেলেনি। দানবীর রণদা প্রসাদ সাহার জন্মজয়ন্তীকে ঘিরে প্রতি বছর নানা অনুষ্ঠানের আয়োজন করেন কুমুদিনী পরিবার ও মির্জাপুর গ্রামবাসী।
